চেলসির হয়ে খেলতে নেমেই গোল লুকাকুর

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১১:৫২ পিএম

২০১১ সালে আন্ডারলেখট থেকে চেলসিতে যোগ দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল রোমেলু লুকাকুর। পরে এই বেলজিয়ান ফরোয়ার্ড ধারে খেলতে যান ওয়েস্ট ব্রম ও এভারটনে। ধার শেষে এভারটনে পাকাপাকিভাবে খেলে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। ওয়েস্ট ব্রম, এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ১১৩ গোল ছিল লুকাকুর। কিন্তু যে ক্লাবের হয়ে ইংল্যান্ডে আসা, সেই চেলসির হয়ে এর আগে দুই মৌসুমে ইপিএলে ১০ ম্যাচ খেললেও গোল করতে পারেননি। এবার রেকর্ড ট্রান্সফারে ইন্তার মিলান থেকে চেলসিতে যোগ দিয়ে ব্লুজদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেয়ে গেছেন তিনি। রবিবার প্রিমিয়ার লিগে লুকাকু নৈপুণ্যে চেলসি ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। ম্যাচের ১৫ মিনিটে গোলটি করেন লুকাকু। ৩৫ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন রেসে জেমস। নিজের পারফরমেন্স নিয়ে লুকাকু বলেন, ‘আমি প্রভাব বিস্তার করেছি। আমরা জানি এটি বড় জয়, বড় ম্যাচও ছিল। সবাই আমাদের দিকে নজর রাখছিল এবং আমরা ভালো করেছি। ব্যক্তিগতভাবে আমি দলকে সহায়তা করার চেষ্টা করেছি (জয় পেতে)।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত