গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার এবং ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নাগরিক মঞ্চ, গাইবান্ধা। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা নাগরিক মঞ্চের জ্যেষ্ঠ সদস্য ওয়াজিউর রহমান র্যাফেল।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ রুটে ফেরি সার্ভিস চালুর বিশাল এ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ১২৪ কোটি ৭৭ লাখ থেকে বাড়িয়ে ১৪৫ কোটি ২ লাখ টাকা ও মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু বিআইডাব্লিউটিএ এত বিপুল পরিমাণ টাকা ব্যয়ের পর বলেছে এ পথে ফেরি চলাচল সম্ভব নয়। কেননা এই প্রকল্প বাস্তবায়নের আগে নাকি সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। এটা গাইবান্ধাসহ উত্তরবঙ্গবাসীর সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে সমাবেশকারীরা কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন।
