সাইবার নিরাপত্তা সূচক

ভারতকে পেছনে ফেলে সার্কের শীর্ষে বাংলাদেশ

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০২:৫৪ এএম

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ভারতকে পেছনে ফেলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। গতবারের তালিকার ৬৫তম স্থান থেকে এক লাফে ৩৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ভারত আছে ৩৯ নম্বরে।

তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে জাতীয় সাইবার নিরাপত্তা সূচক (এনসিএসআই) তৈরি করে ই-গভর্ন্যান্স একাডেমি। অলাভজনক সংস্থাটি এস্তোনিয়ার সরকার, ওপেন সোসাইটি ইনস্টিটিউট এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ প্রয়াস।

এনসিএসআই সূচকে ৫৯ দশমিক ৭৪ পয়েন্ট পেয়ে ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৮ নম্বরে রয়েছে। অন্যদিকে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ৫৩তম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উন্নয়ন সূচকে ১৪৭তম। আর বিশ্ব অর্থনৈতিক ফোরামের নেটওয়ার্ক রেডিনেস সূচকে বাংলাদেশ রয়েছে ১০৫তম স্থানে।

এনসিএসআই সূচকে ৯৬ দশমিক ১ পয়েন্ট নিয়ে গতবারের মতোই প্রথম স্থানে রয়েছে গ্রিস। শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো চেক রিপাবলিক, এস্তোনিয়া, পর্তুগাল ও লিথুনিয়া।

সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে সিঙ্গাপুর। ৮০ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে দেশটির অবস্থান ১৬তম। সার্কভুক্ত অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৬৯তম, পাকিস্তান ৭০তম, নেপাল ৯৮তম, ভুটান ১১৬তম এবং আফগানিস্তান ১৩৩তম। মালদ্বীপ তালিকায় নেই।

সূচকের শেষ পাঁচটি দেশ হলো কঙ্গো, বুরুন্ডি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু ও দক্ষিণ সুদান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত