পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মিরপুর উপজেলার গোপালপুরের নলদা গ্রামের আজিম উদ্দিন সরকারের ছেলে মৃদুল হোসেন (২৬) ও তার স্ত্রী একই উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়ার বাবু মিয়ার মেয়ে রিয়া খাতুন (২০)। স্থানীয়দের বরাত দিয়ে রূপপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে শ্রমিকের কাজ করতেন মৃদুল। গতকাল সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সঙ্গে তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিয়া খাতুনও ছিলেন। পথিমধ্যে রিয়াকে তার বাবার বাড়িতে নামিয়ে দেওয়ার কথা ছিল মৃদুলের। ঘটনার সময় প্রকল্পের সামনে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মিনিট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন মৃদুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানোর পর বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, সুরতহাল শেষে ওই দম্পতির লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
এদিকে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় ট্রাকচাপায় সাগর মিয়া (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ছাড়া একইদিন বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আফরোজ আল মামুন বিপ্লব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঘটনার সময় বেকারির রুটি-বিস্কুট বিভিন্ন দোকানে সরবরাহ করতে ভ্যানগাড়ি চালিয়ে কুট্টাপাড়া এলাকায় যাচ্ছিল সাগর। ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ভ্যানচালক সাগর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের ঘটনায় স্থানীয়রা জানান, কদিম ধল্যা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সাদিয়া টেক্সটাইলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে গেলে চালক বিপ্লব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর পর দুপুরে তার মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক জানান, আইনি পক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু : লালবাগ কেল্লার মোড় বাজারে ট্রাকচাপায় সামিয়ান (৪) নামে এক শিশু মারা গেছে। তার বাবার নাম আরমান হোসেন। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর। লালবাগ কেল্লার মোড় শাহসাববাড়ি এলাকায় সপরিবারে থাকে। শিশুর বড় ভাই হৃদয় হোসেন জানায়, তার মা আসমা আক্তার বাসাবাড়িতে কাজ করেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে মাথাব্যথার জন্য মা বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে যান। এ সময় ছোট ভাই সামিয়ানকেও সঙ্গে নিয়ে যান। ফার্মেসি থেকে ওষুধ কিনে বের হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক সামিয়ানকে চাপা দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এছাড়া শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
