বজ্রপাতে ৪ শিশুসহ সাতজনের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:০৩ এএম

দিনাজপুরের ২টি উপজেলায় বজ্রপাতে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩ শিশু গুরুতর আহত হয়েছে।

গতকাল সোমবার দুপুর সাড়ে ৩টায় দিনাজপুর শহরের নিউটাউন ৮ নম্বর ব্লকের ফুটবল খেলার মাঠে ও চিরিরবন্দর উপজেলার সুকদেবপুর গুড়িয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ৪ শিশু হলো ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকার বাসিন্দা আপন (১৬), মিম (১০), হাসান (১২), সাজ্জাদ (১৩)। আহত ৩ শিশু হলো মমিনুল (১৬), আতিক (১৬), সাজু (১৫)। এর মধ্যে মমিনুল ও আতিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। এছাড়াও চিরিরবন্দরে নিহত ৩ জন হলেন সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৫), মোকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৬)।

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুপুর থেকে দিনাজপুর শহরে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে কয়েকজন শিশু ও কিশোর ৮ নম্বর নিউ টাউনের  খেলার মাঠে ফুটবল খেলছিল। বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। এ সময় সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় ৩ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বজ্রপাতে ৪ জন নিহতের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এছাড়াও ৩ জন আহত এসেছে। এদের মধ্যে ২ জনকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার সুকদেবপুর গুড়িয়াপাড়ায় বাড়ির পাশে একটি পুকুরে ৩ জন মাছ মারছিল। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে বজ্রপাতে নিহত দিনাজপুর সদর উপজেলার ৪ জন ও চিরিরবন্দর উপজেলার ৩ জনের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত