বিএনপির নেতৃত্বের প্রতি কর্মীদের আস্থা নেই : কাদের

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:০৮ এএম

বিএনপির নেতৃত্বের প্রতি কর্মীদের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যারা দলীয় প্রধানের মুক্তির জন্য একটি মিছিল পর্যন্ত করতে পারে না, তারা (বিএনপি) নাকি আবার গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে। আসলে তারা গণঅভ্যুত্থানের নামে দিবাস্বপ্ন দেখছেন। জনগণ তো দূরে থাক, তাদের দলের কর্মীরাও এখন মাঠে নামে না।’

গতকাল সোমবার সকালে আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতার হত্যাকা-, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র’ শীর্ষক জাতীয় শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

‘সরকার জনবিচ্ছিন্ন’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার নয়, বিএনপিই জনবিচ্ছিন্ন এবং জনগণ কর্র্তৃক প্রত্যাখ্যাত। বিএনপি এ বাস্তবতা বোঝারও সক্ষমতা হারিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনার সঙ্গে আওয়ামী লীগ নিবিড়ভাবে সম্পৃক্ত। পক্ষান্তরে বিএনপি ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতি ও লুটপাটে বিশ্বাসী। বিএনপিরই পায়ের তলায় মাটি নেই। তাই তো তারা কোথাও দাঁড়াতেই পারছে না।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ের পর শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা। ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতির ধারা। জাতীয় জীবন ও রাষ্ট্রীয় পরিসর থেকে নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ। স্বাধীনতার ঘোষণার পাঠককে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা চালানো হয়। ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টাও করা হয়।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বহুল প্রতীক্ষিত ও স্বপ্নের পদ্মা সেতুতে আজ (গতকাল) সকালে ২ হাজার ৯১৭টি রোডওয়ে সøাবের সবকটি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে পদ্মার দুই তীরের সড়ক সংযোগ স্থাপিত হলো। এ বছরের অক্টোবর মাসের শেষদিকে পিচঢালাইয়ের কাজ শুরু হবে। এ পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৯৪ দশমিক দুই পাঁচ ভাগ।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. সুলতানা শফির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. তানিয়া হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত