বন্ধুর হাতে খুন গোলাম রসুল

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০১:৪৫ এএম

পাবজি-ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে বন্ধু সজীব মিয়ার হাতে স্কুলছাত্র গোলাম রসুল খুন হয় বলে জানিয়েছে সিআইডি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হত্যার বিষয়ে বিস্তারিত তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, ফ্রি ফায়ার-পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে সজীব মিয়ার সঙ্গে কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। এর জেরে গত ২৭ জুলাই রাত পৌনে ৮টায় বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের নূর আলমের বাড়ির সামনে রসুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজীব। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত ১৮ আগস্ট নরসিংদী সদর থানা এলাকা থেকে অভিযুক্ত সজীবকে গ্রেপ্তার করা হয়। গোলাম রসুল স্থানীয় আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত