সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন (৬৪) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন বিচারপতি আমির হোসেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে এর আগে দেশের বাইরে চিকিৎসা নিয়েছিলেন।
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান বলেন, বিচারপতি আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
গতকাল দুপুরে আমির হোসেনের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়। দুপুর পৌনে ২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবীরা অংশ নেন। এদিকে এ বিচারপতির মৃত্যুতে গতকাল উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ ছিল। সকালে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে অদ্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। উভয় বিভাগের ২৪ আগস্টের প্রকাশিত কজলিস্টে (মামলার কার্যতালিকা) উল্লেখিত মামলাসমূহ আগামী ২৫ আগস্ট (আজ) শুনানির জন্য গ্রহণ করা হবে।
১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জ জেলার নিকলীতে জন্মগ্রহণ করেন আমির হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি লাভ করে ১৯৮৪ সালে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৯ সালের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান তিনি। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে এবং ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি একই বিভাগে বিচারক হিসেবে নিযুক্ত হন তিনি। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
