আফগানিস্তানে আরেক ভয়ঙ্কর মাদক 'মেথ' এর উৎপাদন বাড়ছে

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৫:১৯ পিএম

আফগানিস্তান ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদক দেশ হিসাবে কুখ্যাতি অর্জন করেছে। কিন্তু হেরোইন তৈরিতে ব্যবহৃত আফিমই শুধু নয়, এবার আরেক ভয়ঙ্কর মাদক মেথাম্ফেটামিনের উৎপাদনও বাড়ছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে। গত চার বছর ধরে আফগানরা ব্যাপকহারে মেথাম্ফিটামিন উৎপাদন শুরু করছে। খবরঃ আল জাজিরা।

নেশার জগতে মেথাম্ফিটামিন পরিচিত ক্রিস্টাল, স্পিড বা মেথ নামে। আফগানিস্তানের বিশাল এলাকাজুড়েই এখন মেথাম্ফিটামিনের চাষ হয়। অনেক এলাকায় আফিমের চেয়ে মেথাম্ফিটামিনের উৎপাদন বেশি হচ্ছে। গবেষকদের অভিযোগ, আফগানিস্তানে অবৈধ মাদক বাণিজ্য বন্ধ করার ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র ও আফগান সরকার।

আর এখন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর দেশটিতে উৎপাদিত ভয়ঙ্কর মাদক মেথাম্ফেটামিন ইউরোপের জন্য বড় ধরণের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ। তাদের আশঙ্কা ইউরোপের বাজারকে টার্গেট করে মাদকের উৎপাদন আরো বাড়বে।

ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, "জার্মান ফেডারেল পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত কয়েক বছর ধরেই আফগানিস্তানে বিশাল পরিমাণে মেথাম্ফেটামিন উৎপাদিত হচ্ছে। আর এই ভয়ঙ্কর মাদক হেরোইন চোরাচালানের পথ ধরে জার্মানি এবং ইউরোপের বাজারেও প্রবেশ করতে পারে।"

গবেষকদের আশঙ্কা, ইউরোপ এবং আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে আফগানিস্তানে মেথাম্ফেটামিনের উৎপাদন ব্যাপকহারে বেড়ে যেতে পারে।

আফগানিস্তানের পাহাড়ি এলাকায় জন্মানো বানদাক বা ওমান নামের এক ধরনের ঘাসজাতীয় গাছ থেকে এই ভয়ংকর মাদক সংগ্রহ করা হয়। আগে লোকে এই ঘাসজাতীয় গাছকে লাকড়ি বা জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করত। কিডনির রোগের চিকিৎসায়ও এই ঘাসের ব্যবহার হতো বলে জানা যায়। আর এখন এই ঘাস বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে ভয়ংকর মাদক উৎপাদনের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত