মাদক মামলায় কারাবন্দি আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণির অন্তর্বর্তীকালীন জামিনের জন্য এবার উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে গত ২২ আগস্ট ঢাকার দায়রা জজ আদালত পরীমণির জামিনের আবেদন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর যে দিন ধার্য করেছে সেই আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে এই আবেদনে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়েছে বলে পরীমণির পক্ষে আবেদনকারী আইনজীবী মোঃ মজিবুর রহমান দেশ রূপান্তরকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ (গতকাল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পরীমণির পক্ষে একটি রিভিশন ফাইল করেছি। আবেদনে বলেছি যে, অধস্তন আদালতে আমাদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। উপরন্তু জামিন শুনানির জন্য লম্বা সময় পর তারিখ দেওয়া হয়েছে। এটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। পাশাপাশি পরীমণির জামিনও চেয়েছি।’
পরীমণির পক্ষে করা আবেদনটি গ্রহণ ও শুনানির তারিখ নির্ধারণের জন্য আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলেও জানান আইনজীবী মজিবুর রহমান।
