১০ সপ্তাহ পরে শনাক্ত হার ১৫ শতাংশের নিচে নামল

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০২:২৫ এএম

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৯৬৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এবং মৃত্যু হয়েছে ১১৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ১৪ দশমিক ৭৬ শতাংশ, যা ১৫ জুনের পর সর্বনিম্ন। সেদিন ২৩ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩১৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ। তারপর জুলাই মাসের বেশিরভাগ সময় এই হার ৩০ শতাংশের আশেপাশে ছিল। পরবর্তী সময়ে গত ১ আগস্ট থেকে করোনার সংক্রমণের হার কমতে শুরু করে। এর আগের দিন ৩১ জুলাই পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ। পরদিন তা কিছুটা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৯৭ শতাংশ। এরপর থেকেই দৈনিক শনাক্ত হার কমতে থাকে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এই হার আরও কমে ১৪ দশমিক ৭৬ শতাংশে নেমে আসে। অর্থাৎ গত ১০ সপ্তাহে সংক্রমণের হার ১৫ শতাংশের নিচে নামল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনাভাইরাসের সংক্রমণে শনাক্ত ও মৃত্যু কমছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৬৬ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। গতকাল নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষা হলো ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। মৃত ১১৪ জনের মধ্যে পুরুষ ৬২ ও ৫২ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪, চট্টগ্রাম বিভাগে ২৯, রাজশাহী বিভাগে ১৩, খুলনা বিভাগে ১৩, বরিশাল বিভাগে ৪, সিলেট বিভাগে ৯, রংপুর বিভাগে ৬ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৯২, বেসরকারি হাসপাতালে ১৫ এবং বাড়িতে ৭ জন মারা যান।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪০, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৫, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত