রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, তাবিথ আউয়াল, আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের কমিটির ৭০ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের এক মাসের আগাম জামিনের এ আদেশ দেয়। আদেশে তাদের আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়ে ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
ভার্চুয়ালি বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম রেজাউল করিম।
