পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ টিকটক-লাইকিও হবে

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০২:৩৭ এএম

আদালতের আদেশের প্রেক্ষিতে দেশে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ‘বিপজ্জনক’ ইন্টারনেট গেমের লিংক বন্ধ করেছে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গতকাল বুধবার গণমাধ্যমকে বলেন, ডিপার্টমেন্ট অব টেলিকমকে (ডট) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে। অন্য ‘ক্ষতিকর’ অ্যাপগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অ্যাপসহ আরও বেশকিছু অ্যাপ দেশে বন্ধের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

এখন অ্যাপগুলোর লিংক বন্ধ করলেও ভিপিএন দিয়ে চালানো যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এসব বন্ধ করার মতো সক্ষমতা আমাদের নেই। এই সব অ্যাপের কর্র্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও আমরা বন্ধ করার অনুরোধ জানাব।’ বিটিআরসির এক কর্মকর্তা গতকাল জানান, আগে কোনো অ্যাপ বা ওয়েবসাইট বন্ধ করতে হলে ইন্টারনেট গেইটওয়ে, ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের নির্দেশনা দিতে হতো। এখন ডিপার্টমেন্ট অব টেলিকম নিজেই সেটা করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত