বুধবার দুপুরে মা হয়েছেন কলকাতার নায়িকা ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। হাসপাতালে তার পাশে অভিনেতা যশ দাশগুপ্ত থাকলেও পুত্রসন্তানের বাবা কে, সে কথা আজও প্রকাশ্যে আসেনি।
গত বছরের শেষ দিকে ‘স্বামী’ নিখিল জৈনের সঙ্গে নুসরাতের দূরত্ব প্রকাশ্যে আসে। একইসঙ্গে জানা যায়, মা হতে চলেছেন নায়িকা। ওই সময় যশের সঙ্গে প্রেম চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
নুসরাতের মাতৃত্ব প্রসঙ্গে নিখিল বলেন, ‘‘আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে উঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’’
২০১৯ সালে তুরস্কের একটি পর্যটন কেন্দ্রে ঘটা করে বিয়ে করেন নিখিল ও নুসরাত। গত বছর থেকে তারা আলাদা থাকছেন।
এ নিয়ে ব্যাপক গুঞ্জনের মাঝে গত ৯ জুন নুসরাত একটি বিবৃতি জারি করেন। সেখানে বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, “নিখিলের সঙ্গে আমি লিভ ইন করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।” তার পর পাল্টাবিবৃতি জারি করে নিখিল বলেন, ‘‘আদালতে দেখা হবে।’’
গত ২০ জুলাই আলীপুর আদালতে মুখোমুখি হওয়ার কথা ছিল নিখিল ও নুসরাতের। আইনি প্রক্রিয়ায় বিয়ে হয়নি তাদের। তাই অ্যানালমেন্টের মাধ্যমেই নুসরাতের থেকে আলাদা হতে চেয়েছেন নিখিল। কিন্তু শুনানির দিন দেখা হয়নি তাদের। এরপর পরবর্তীতে শুনানির কথা বলা হয়।
