চাঙ্গা স্যামসাং-এর ফোল্ডেবল ফোনের বাজার

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১০:০৯ পিএম

বাজারে আসার আগেই বেশ সাড়া ফেলেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের দুটো ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জি ফোল্ড৩ ও গ্যালাক্সি জি ফ্লিপ৩। অন্তত ফোন দুটোর প্রি-অর্ডার সে কথার সত্যতা জানাচ্ছে। ইতিমধ্যে দুটি ফোনের প্রি-অর্ডার হয়েছে ৪ লাখ ৫০ হাজার। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

নতুন ফোল্ডেবল ফোন ফোল্ড৩ ও ফ্লিপ৩ আগাম বিক্রির দিক থেকে স্যামসাং-এর জনপ্রিয় সিরিজ গ্যালাক্সি এস ও গ্যালাক্সি নোটকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ফোল্ডেবল ফোন দুটি যে প্রি-অর্ডার পেয়েছে, তা গত বছর বাজারে আসা গ্যালাক্সি এস২১ ও গ্যালাক্সিকে বহু আগেই ছাড়িয়ে গেছে। স্যামসাং-এর নতুন গ্যালাক্সি জি সিরিজ তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। কোরিয়াভিত্তিক একটি সংস্থার পরিসংখ্যানে বলা হয়, নতুন এ ফোনের বেশিরভাগ ক্রেতাই তরুণ। ২০ থেকে ৩০ বছর বয়সীরাই অর্ডার করেছেন ফোল্ডেবল ফোন দুটো।

ফোল্ডেবল স্মার্টফোনকে ‘মূলধারায়’ নিয়ে আসার বিষয়ে খুবই উৎসাহী ছিল স্যামসাং। শিগগিরই আরও ফোল্ডেবল স্মার্টফোন আনবে বলেও ঘোষণা দিয়েছিল তারা। মোবাইল ব্যবসা প্রসঙ্গে স্যামসাং মন্তব্য করেছে, ‘ফোল্ডেবল শ্রেণিকে মূলধারায় নিয়ে আসার মাধ্যমে’ প্রিমিয়াম কোয়ালিটির ফোনের ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব সুদৃঢ় করবে তারা। হয়তো অদূর ভবিষ্যতে সস্তা ফোল্ডেবল ফোন আসবে বাজারে। এছাড়াও স্যামসাং পর্দার নিচে ক্যামেরার নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার খবর জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত