সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীলতার দিকে : ডব্লিউএইচও

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০১:৪১ এএম

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর সিএনএন।

এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, গত দুই মাসে ডেল্টা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল।

ডব্লিউএইচও বলছে, গত রবিবার শেষ হওয়া সপ্তাহে বিশ্বে করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের দিকে : ডব্লিউএইচও সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল রয়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় করোনার মৃত্যুর হার একই রকম রয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ হাজারের আশপাশে রয়েছে। ডব্লিউএইচও বলছে, ইউরোপ ও আমেরিকায় করোনার সংক্রমণ বাড়ছে।

এক ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তবে যেকোনো জায়গায় করোনার সংক্রমণ থাকলে তা সব জায়গার জন্যই হুমকি।’

ডব্লিউএইচওর হিসাবে অন্য যেকোনো দেশের তুলনায় এখন যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। আগের সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েছে ১৫ শতাংশ। দেশটিতে করোনায় গত এক সপ্তাহে ৬ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

যুক্তরাজ্যেও সংক্রমণ বাড়ছে। তবে এজন্য বিধিনিষেধ তুলে দেওয়াকে দায়ী করেছে ডব্লিউএইচও। তাদের হিসাবে এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। ভারত, ইরান ও ব্রাজিলে গত সপ্তাহে সংক্রমণের হার কমলেও জাপানে ৩৪ শতাংশ বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ যেমন মালয়েশিয়া, ফিলিপাইনে সংক্রমণ বেড়েছে। থাইল্যান্ড ও ফিলিপাইনে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে।

ডব্লিউএইচওর হিসাবে গত মে মাসে বিশ্বে সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। তবে ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত দুই মাসে অনেক দেশে সংক্রমণ বেড়ে যায়। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে সংক্রমণ বাড়লেও দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে কমেছে। অন্যান্য অঞ্চলে সংক্রমণ স্থিতিশীল রয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল এবং টিকাদান কর্মসূচি সম্প্রসারিত করার ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত