করোনাভাইরাসের ডেলটা ধরন বিশ্বজুড়ে এখনো তা-ব চালাচ্ছে। কয়েকটি দেশ ছাড়া বিশ্বে সংক্রমণ কিছুটা স্থিতিশীল হলেও গত কয়েক দিন ধরে মৃত্যু ফের বাড়তে শুরু করেছে। গত প্রায় তিন মাসের মধ্যে করোনায় সারা বিশ্বে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ১১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৯ আগস্ট ১১ হাজার ১৩২ জন এবং তারও আগে গত ২ জুন ১১ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ভাইরাসটিতে মোট ৭ লাখ ২২ হাজার ৫৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস। ওই সময়ে নতুন করে ২ লাখ ৩৬ হাজার ৯৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কভিড রোগী শনাক্ত হয়েছে ২১ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ২৬৫ জন।
এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সকাল পর্যন্ত দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২৪৯ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৪৯ হাজার ৬৮০ জন। শীর্ষ সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৩৬ হাজার ৩৯৬ জন।
সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৩৭ জন। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৭৬ হাজার ৭৩০ জন। সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি।
সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৬২৮। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৭২৯ জনের।
