প্রচন্ড হতাশায় বিএনপি নেতারা আবোল-তাবোল বলছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিল, আজকে সেই দলের মহাসচিবের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তিনি এমন হতাশায় নিমজ্জিত যে, আবোল-তাবোল বলা শুরু করেছেন।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের মন্তব্য ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না’ এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা “আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান” সেøাগান দেয়, তাদের দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তারা কোন চেতনা ধারণ করে, সেটিই প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি) ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেখানে হাতেগোনা দুয়েকজন ছাড়া বেশিরভাগই ভুয়া মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা নয়, তাদের নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে এবং সত্যিই মনে হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীনবাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুণা বিশ্বাস প্রমুখ।
