মেহেরপুরের গাংনীতে টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে একটি বেসরকারি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খাদেমুল ইসলাম (৩৫) নামে সিটি ব্যাংকের ওই এজেন্টের ওপর গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খোকসা গ্রামে হামলা হয়। উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
নিহত খাদেমুল মেহেরপুরের মুজিবনগরের কোমরপুর বাজারে সিটি ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি মুজিবনগরের যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত খাদেমুল গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রধান এজেন্ট শাখা থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে গাংনী যাচ্ছিলেন। পথে সদর উপজেলার খোকসা গ্রামের একটি মাঠের মধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। খাদেমুল চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহতের চাচাতো ভাই রানা জানান, খাদেমুলের কাছে থাকা স্কুলব্যাগের মধ্যে ৪৬ লাখ টাকা ছিল। তবে হামলাকারীরা তা নিতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাদেমুলকে গুলি করে অ্যাপাচি আরটিআর মডেলের একটি মোটরসাইকেলে চড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের তিনজনের সবার মাথায় হেলমেট ছিল। ধারণা করা হচ্ছে, মেহেরপুর শহর থেকেই খাদেমুলকে অনুসরণ করছিল দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী সাহারবাটি গ্রামের রোহিদুল ইসলাম জানান, খাদেমুল গুলিবিদ্ধ অবস্থায় চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস পারভেজ জানান, পিঠে গুলিবিদ্ধ খাদেমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাৎক্ষণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যতারপুর গ্রামের বাসিন্দা খাদেমুলের মামা সুজন জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরপরই মারা যায় তার ভাগ্নে।
নিহত খাদেমুলের বাবা মিনারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।’
খাদেমুলকে গুলির ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় জানিয়ে গাংনী থানার ওসি বজলুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘দ্রুত সঠিক চিকিৎসা পেলে হয়তো তাকে (খাদেমুল) বাঁচানো যেত। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযানে নেমেছে।’
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বলেন, ‘অপরাধীদের শনাক্ত করা গেছে। তারা পালিয়ে আছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে আছে।’
