কাবুলের হামলাকারীদের খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার কাবুলে জোড়া বিস্ফোরণের পর হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি।
জো বাইডেন বলেন, আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএসকেপি) এই হামলা চালিয়েছে। যারা এই হামলা চালিয়েছে, সেই সঙ্গে যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি চায়, তারা এটা জেনে রাখো আমরা ক্ষমা করব না, আমরা ভুলে যাব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং তোমাদেরকে এর মূল্য দিতে হবে। আমি আমার প্রতিটি পদক্ষেপে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করব।
ভয়াবহ এই হামলা সত্ত্বেও ওয়াশিংটন কাবুলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে বলে জানান বাইডেন। তিনি বলেন, সন্ত্রাসীরা আমাদের নিবৃত্ত করতে পারবে না। তাদেরকে যুক্তরাষ্ট্রের মিশন বন্ধ করতে দেওয়া হবে না। আফগানিস্তান থেকে লোকজনকে উদ্ধারের মিশন অব্যাহত থাকবে।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে ১১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪০ জন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, এদিনের ঘটনায় ১৩ মার্কিন সেনাসদস্য নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে।
এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস। এদিকে আফগানিস্তানে এখনো হাজারখানেক যুক্তরাষ্ট্রের নাগরিক রয়ে গেছে বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। এক সময় আফগানিস্তানে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্র বাহিনীর সাবেক কমান্ডার মাইক জ্যাকসন বলেন, পর্যবেক্ষকদের সবাই এমনটা ঘটার আশঙ্কা করছিলেন। আইএসের হাতে অস্ত্র আছে এবং হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরস্ত্র মানুষ যারা দেশ ছাড়তে মরিয়া।
