বিমানের পাইলট অসুস্থ, ভারতে জরুরি অবতরণ

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০২:১৩ এএম

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী ফ্লাইট ভারতের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল শুক্রবার ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় আসার পথে ফ্লাইটটির এক পাইলট হঠাৎ অসুস্থবোধ করায় জরুরি অবতরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে। অসুস্থ পাইলটকে নাগপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জরুরি অবতরণ করা ওই উড়োজাহাজে ১২৪ যাত্রী ছিলেন। উড়োজাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যাত্রীরাও নিরাপদে আছেন। জরুরি অবতরণের পর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দর টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়।

এদিকে গতকাল সন্ধ্যায় জরুরিভিত্তিতে বাংলাদেশ থেকে পাইলট ও ক্রুসহ ৮ সদস্যের একটি দল ভারতের নাগপুরে পাঠানো হয়। পরে রাতেই যাত্রীসহ জরুরি অবতরণ করা উড়োজাহাজটি ঢাকায় আনা হয়েছে।

বাংলাদেশ বিমান থেকে পাওয়া তথ্যমতে, ফ্লাইট পরিচালনাকালে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়া পাইলটের নাম ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। ফ্লাইটটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাকে দ্রুত ককপিট থেকে বের করে স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, পাইলটের চিকিৎসা চলছে, তিনি রেসপন্স করছেন। চিকিৎসকরা ছাড়পত্র দিলেই তিনি দেশে ফিরবেন। আর জরুরি অবতরণ করা উড়োজাহাজ ও যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে দুবাইগামী একটি ফ্লাইটে অতিরিক্ত পাইলট ও ক্রু ভারতের নাগপুরে নামিয়ে দিয়ে আসা হবে। তারা উড়োজাহাজ ও যাত্রীদের নিয়ে ঢাকায় ফিরবেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউল ফ্লাইট বিজি-০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এমন পরিস্থিতিতে নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে আছেন। তাদের জন্য বিমানবন্দরের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

বিমানের এক কর্মকর্তা জানান, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেয়। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে। অবতরণের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির পাইলট নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

বিমানের দিল্লি কার্যালয়ের কান্ট্রি ম্যানেজারকে জরুরি অবতরণ করা উড়োজাহাজের যাত্রী, ক্রু ও ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে জরুরিভিত্তিতে নাগপুর পাঠানো হয়। এছাড়া গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের একটি শিডিউল ফ্লাইটে আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঢাকা থেকে নাগপুরে যায়। সেখান থেকে রাতেই তারা যাত্রীসহ বিজি-০২২ ফ্লাইটটি ঢাকায় আনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত