কিরগিজস্তান ও ফিলিস্তিনের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে গতকাল কিরগিজস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগের রাতে রওনা করে কাল দুপুরে বিশকেকে পৌঁছান তপু বর্মনরা। সেখান থেকে ভিডিও বার্তায় তপু জানান অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই সফর তাদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ, ‘লম্বা ভ্রমণ শেষে আমরা কিরগিজস্তান এসে পৌঁছেছি। দলের সবাই খুব ক্লান্ত। এটা বুঝেই কোচ আজ আমাদের অনুশীলন করাননি। কাল (আজ) থেকে অনুশীলন শুরু হবে। এখানে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এটা অনেক ইতিবাচক। এই ম্যাচগুলোকে আমরা সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছি।’ বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে আজ দুপুরে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশের।
বাফুফে ২ থেকে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানের এই আসরকে তিনজাতি বললেও আদতে চারটি দল খেলবে ফাইনালহীন এই আসরে। কিরগিজস্তান মূল দল ছাড়াও এখানে একটি ম্যাচ খেলবে সে দেশের অনূর্ধ্ব-২৩ দল। ৫ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। দু’দিন পর কিরগিজস্তান দলের বিপক্ষে খেলার পর ৯ সেপ্টেম্বর তারা খেলবে কিরগিজ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। ১ অক্টোবর মালদ্বীপে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালদ্বীপ।
