আইইউবিতে গ্র্যাজুয়েটদের জন্য চাকরি প্রস্তুতি বিষয়ক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট (এইচআর বিজনেস পার্টনারিং অ্যান্ড ডিজিটাল অপারেশনস) মারুফুল আলম চৌধুরী।
গত ২৬ আগস্ট ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট (সিজিপি) অফিস এই ওয়েবিনারের আয়োজন করে।
জীবনের নানা অভিজ্ঞতা বিনিময় করে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মারুফুল আলম চৌধুরী বলেন, যাদের সিজিপিএ তুলনামূলক কম তারাও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভালো চাকরি পেতে পারেন।
তিনি আরও বলেন, চাকরির বাজারে একজন শিক্ষার্থী হলেন পণ্যের মতো, যার গুনাগুণ যত ভালো, চাকরির বাজারে তার তত বেশি মূল্য।
সিভি লিখন পদ্ধতিসহ মৌখিক পরীক্ষায় কীভাবে উপস্থাপন করবেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে কীভাবে প্রস্তুত করবেন এসব বিষয়ে তিনি দিক-নির্দেশনা দেন। প্রশ্ন-উত্তর পর্বে তিনি চাকরি প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ওয়েবিনারে সিজিপির পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান, সহকারী পরিচালক শারমিন ইসলাম উপস্থিত ছিলেন। ওয়েবিনারটি মডারেট করেন সিজিপির ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজ।
