জয়ে ফিরল বার্সা

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১২:১৩ এএম

লা লিগায় রবিবার জয়ে ফিরেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে গেতাফে কে। বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন মেম্ফিস ডিপে। আগের ম্যাচে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও’র ম্যাচ ১-১ ড্র হয়েছিল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গোলদাতা সের্জি রোবের্তো। ১৮ মিনিটে গোল শোধ দেন গেতাফের সন্দ্রো রামিরেজ। তা শোধ করতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৩০ মিনিটের সময় গোল করেন ডিপে। শেষ পর্যন্ত ওই গোলের ম্যাচ জেতে বার্সা। লিগে তিন ম্যাচে দুই গোল করেছেন ডিপে। আগের ম্যাচে ডিপের গোলেই হার এড়িয়েছিল বার্সেলোনা।

আক্রমণভাগে ভুগেছে বার্সেলোনা। গোলের উদ্দেশে তারা মাত্র ৭টি শট নিতে পারে (তিনটি লক্ষ্যে), ২০০৩-০৪ মৌসুমের পর থেকে লা লিগায় ঘরের মাঠে যা তাদের যৌথভাবে সর্বনিম্ন। সাবেক কোচ এরনেস্তো ভালভেরদের সময়ে ২০১৯ সালের জানুয়ারিতে এইবারের সঙ্গেও সমান সাতটি শট নিয়েছিল কাতালান ক্লাবটি।

এদিকে শনিবার রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিসের ম্যাচটি ছিল আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা। পুরো ম্যাচে ১৩টি শট নিয়েছে রিয়াল মাদ্রিদ। তার একটি থেকে দানি কারভাহালের গোলেই জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা। প্রথম তিনটি স্থানে থাকা রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও ভালেন্সিয়ার পয়েন্টও সমান ৭। প্রথম তিন দলের গোল ব্যবধান সমান হলেও সব অ্যাওয়ে ম্যাচ খেলায় শীর্ষে আছে রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত