নারায়ণগঞ্জে থমকে আছে নিটপল্লী বাস্তবায়ন

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১২:২০ এএম

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অন্যতম মদনগঞ্জের শান্তিরচরে নিটপল্লী বাস্তবায়ন থমকে আছে। বেপজার জায়গা অধিগ্রহণের সাত বছরের বেশি সময় অতিক্রম হলেও প্রকল্প বাস্তবায়নের কাজ এগোয়নি।

নারায়ণগঞ্জের মদনগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ৭০০ একরের বেশি জায়গা নিয়ে জেগে ওঠা শান্তিরচরে এ শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বিকেএমইএ নেতারা। এখানে শিল্পনগরীটি গড়ে তুলতে পারলে তৈরি হবে কর্মসংস্থান। তিন নদীর মোহনা কাজে লাগিয়ে সরাসরি পণ্য রপ্তানি করতে পারবেন পোশাক ব্যবসায়ীরা। এতে নানা জটিলতা ও খরচ কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।

গত শনিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিমউদ্দিন। তাকে উদ্দেশ্য করে এমপি সেলিম ওসমান বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাত্র ২১ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে বন্দরের শান্তিরচরে নিটপল্লীর অনুমোদন দিয়েছেন। প্রায় ৩০০ একর জমি নিটপল্লী বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা হয়। কিন্তু এর কাজ এগোচ্ছে না। কারণও জানা নেই। এখানে শিল্পাঞ্চলটি গড়ে উঠলে প্রায় ২০ লাখ কর্মসংস্থান হবে। এ ছাড়া নানা বিষয়ে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এফবিসিসিআই এ বিষয়গুলো নিয়ে কাজ করলে নিটপল্লী বাস্তবায়নের কাজ দ্রুত সম্ভব হবে।’

এফবিসিসিআই সভাপতি নিটপল্লী বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করে তা বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন। সেই সঙ্গে নারায়ণগঞ্জের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সরকারপ্রদত্ত এসএমই ঋণের আওতায় আনতে নারায়ণগঞ্জ চেম্বারের মাধ্যমে কাজ করবেন বলেও তিনি জানান। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য আরও প্রসার ঘটাতে এফবিসিসিআই কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে খুব দ্রুত নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি সেমিনার করবেন বলে মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত