কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গত অর্থবছর কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯৯ শতাংশ। যা জাতীয় গড় অগ্রগতির চেয়ে অনেক বেশি। আগামীতে এ সাফল্য ধরে রাখতে হবে। তিনি বলেন, চলতি অর্থবছর নেওয়া প্রকল্পগুলো শতভাগ বাস্তবায়নে কাজ করতে হবে।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
সভায় জানানো হয়, চলতি অর্থবছর কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭০টি। মোট বরাদ্দ ২ হাজার ৯৫৮ কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে, ৬৮০ কোটি টাকা। এছাড়া, স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রকল্পে ১৬০ কোটি টাকা, এনটিপি-২ প্রকল্পে ১৫৭ কোটি টাকা এবং মানসম্পন্ন আলু বীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পে ১০০ কোটি টাকা উল্লেখযোগ্য।
২০২০-২১ অর্থবছর কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন হয়েছে প্রায় ৯৯ শতাংশ। মোট প্রকল্প ছিল ৮৫টি, এর মধ্যে ১৫টি প্রকল্প শেষ হয়েছে। প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ২ হাজার ৩১২ কোটি টাকার মধ্যে ২ হাজার ২৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা বরাদ্দের প্রায় ৯৯ শতাংশ। এ অগ্রগতি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৭ শতাংশ বেশি। জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৮২ শতাংশ।
এছাড়া, গেল অর্থবছরে ১৬টি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০ কোটি টাকার ‘কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’, ২১১ কোটি টাকার ‘কাজুবাদাম, কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প’, ৪৩৮ কোটি টাকার ‘পতিত জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্প উল্লেখযোগ্য।
