বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাহী সভাপতিসহ আরও কয়েকটি নতুন পদ সৃষ্টি করেছে। নতুন নির্বাহী সভাপতির সঙ্গে পরিচালক পদের সংখ্যাও বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে সহসভাপতি পদের সংখ্যাও।
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠনটিতে আগে সহ-সভাপতির পদ ছিল চারটি। একটি পদ বাড়িয়ে করা হয়েছে পাঁচটি। এছাড়া পরিচালকের জন্য থাকা পদ ২৭ থেকে বাড়িয়ে ৩৫টি করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিকেএমইএর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে। ইজিএমে বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, অমল পোদ্দার, মোরশেদ সারোয়ারসহ তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সেদিনই ইজিএমের পরে বিকেএমইএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে গত ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষা করা হিসাব বিবরণী কোনো আপত্তি ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, তারেক আফজাল, রাজিব দাস প্রমুখ।
১৭ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিলে বিকেএমইএর ভোটার হওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ও প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। এছাড়া বৈধভাবে মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ ১০ অক্টোবর এবং নির্বাচন আয়োজনের তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করা হয়। যদিও দীর্ঘদিন ধরেই সংগঠনটিতে সাধারণ সদস্যদের ভোটে নেতা নির্বাচন করা হচ্ছে না। ২০১০ সালের ২০ সেপ্টেম্বর থেকে বিকেএমইএর সভাপতির পদে আছেন সেলিম ওসমান। তিনি আবার নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদও।
এর আগে টানা পঞ্চমবারের মতো বিকেএমইএ সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি সেলিম ওসমান এমপি।
উল্লেখ্য, বিকেএমইএ সূত্র জানায়, ইজিএমে অনুমোদিত পরিচালক ও সহসভাপতির পদ বৃদ্ধি ও নির্বাহী সভাপতির পদ বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হলেই কার্যকর হবে।
