কুমিল্লায় পিকআপের সঙ্গে ট্রেনের ধাক্কা বগি লাইনচ্যুত

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০২:১১ এএম

কুমিল্লায় পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সাত ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গত শনিবার রাত ২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনমাস্টার শফিকুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কুমিল্লা স্টেশনে সিলেটে থেকে ছেড়ে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা এক্সপ্রেস আটকা পড়ে। সাত ঘণ্টার পর রেলযোগাযোগ স্বাভাবিক হলে আটকে পড়া ট্রেনগুলো ছেড়ে যায়।

ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সকালে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ঘটনাস্থলে আসছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত