কিরগিজস্তানে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন নতুন দুই প্রবাসী ফুটবলার তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।
ফ্রান্স প্রবাসী তাহমিদ ও কানাডা প্রবাসী রাহবার রবিবার দলের সঙ্গে যোগ দিয়ে সোমবারই অনুশীলনে নেমে পড়েন।
এদিন কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে জাতীয় ফুটবল দল।
১৮ বছর বয়সী মিডফিল্ডার তাহমিদ ও ২৫ বছর বয়সী ফরোয়ার্ড রাহবার দুজনই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।
তাহমিদ জানিয়েছেন, একাদশে জায়গা করে নেওয়াটাই এখন মূল লক্ষ্য তার। বাফুফে প্রেরিত ভিডিও বার্তায় বলেন, ‘গতকাল রাতে দলের সঙ্গে যোগ দিয়েছি। আজ অনুশীলন করে আনন্দবোধ করছি। আমি চাই, আরো ভালো খেলে সেরা একাদশে যেন ঢুকতে পারি। আশা করি, সেটা হবে। আমাদের জন্য দোয়া করবেন।’
রাহবারেরও চোখ মূল একাদশে, ‘জাতীয় দলের সঙ্গে আজ প্রথম অনুশীলন করলাম। সব মিলিয়ে সবকিছু ভালো ছিল। সবাই ভালোভাবে স্বাগত জানিয়েছে। ভালো অনুশীলন হয়েছে। ভালো লাগছে।’
যোগ করেন, ‘পরের ট্রেনিং সেশনের জন্য মুখিয়ে আছি। আশা করি, সেরা একাদশে ঢুকতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো খেলতে পারি।’
ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে শনিবার কিরগিজস্তান পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম দুই দিনের অনুশীলন নিয়ে কথা বলেছেন কোচ জেমি ডে। জানিয়েছেন, টুর্নামেন্ট সামনে রেখে কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরুর কথা।
বাংলাদেশের এই ইংলিশ কোচ বলেন, ‘এখানে আসার পর ভালো দুটি ট্রেনিং সেশন করলাম আমরা। আসন্ন ম্যাচগুলো সামনে রেখে কিছু আইডিয়া নিয়ে কাজ করছি। ছেলেরা ভালোভাবে চেষ্টা করছে সেগুলো রপ্ত করার। সামনের কয়েক দিনের অনুশীলনের দিকে তাকিয়ে আছি।’
সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ফিলিস্তিন। ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজস্তানের সঙ্গে লড়াই।
ত্রিদেশীয় সিরিজ শেষে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমি ডের শিষ্যরা।
বাংলাদেশের জন্য এই তিনটি ম্যাচই মূলত অক্টোবরে নেপালে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ।
