‘বিশ্বকাপ দল আগে দিলে ভালো হতো’

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:১৯ এএম

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১০ সেপ্টেম্বরের আগেই ঘোষণা করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এর অনেক আগেই দল দিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, নিউজিল্যান্ড সিরিজে নামার আগেই দল ঘোষণা করাটা হতো আদর্শ। ‘আমার মনে হয় (বিশ্বকাপ স্কোয়াডে) কারা থাকবে সে সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। নিউজিল্যান্ড সিরিজের আগেই দল ঘোষণা করে দিলে তাই দারুণ হতো। তাহলে এই সিরিজটা খেলোয়াড়রা দলে থাকার ভীতি ছাড়াই খেলতে পারত। কিন্তু আমার মনে হয় না আমরা সেটা করতে পারছি’Ñ গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজই বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ প্রতিযোগিতামূলক লড়াই। এই সিরিজের পারফরম্যান্স ক্রিকেটারদের আত্মবিশ্বাসের জন্য জ্বালানি মনে করছেন কোচ, ‘সিরিজ জেতাটা গুরুত্বপূর্ণ। আমরা ঘরের মাঠে খেলছি, আমরা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটা বাড়াতে চাই।’

বাংলাদেশের উইকেট এমনিতেই একটু মন্থর থাকে। বল পিচ করে ব্যাটে আসে ধীরে। তবে অস্ট্রেলিয়া সিরিজে মিরপুরের মান বিবেচনায়ও উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য ভীষণ দুরূহ। টার্ন ও গ্রিপ করেছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অবশ্য আবহাওয়া ও সিরিজের ঠাসা সূচিও কারণ ছিল। পিঠাপিঠি একের পর এক ম্যাচের সিরিজে ৫ ম্যাচ হয়েছে স্রেফ দুটি উইকেটে। প্রচুর বৃষ্টিও হয়েছে ওই সময়। উইকেট তাই ছিল বেশ নরম। বিশ্বকাপের আগে ভালো উইকেটে ব্যাটসম্যানদের প্রস্তুতিটা জরুরি। জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়াও গুরুত্বপূর্ণ। তাই ডমিঙ্গোর ধারণা, মিরপুরের স্বাভাবিক উইকেটই দেখা যাবে এই সিরিজে।

 বলেছেন ‘আমার ধারণা, মিরপুরের স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে এই সিরিজে, যেখানে ১৫০-১৬০ রান হবে ভালো স্কোর। এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং এই সিরিজটায় এমন কিছুর দিকেই তাকিয়ে থাকব আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত