নেই ড্রাইভিং লাইসেন্স, নেই গাড়ি চালানোর অভিজ্ঞতা, তবু গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মাইক্রোবাস চালাতে গিয়ে মোটরসাইকেল চাপা দিলেন পরিবহন প্রশাসক তাপস বালা।
মঙ্গলবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরিফুল হক সাগর ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. হুমায়ূন কবির গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, মাইক্রোবাস চালিয়ে পরিবহন প্রশাসক তাপস বালা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটক দিয়ে প্রবেশ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেন তাপস বালা। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পাশে পড়েন। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে তাপস বালা এবং মাইক্রোবাসে অবস্থান করা শিক্ষকরা ছবি তুলতে ও ঘটনাটি চেপে যেতে বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থী বলেন, বর্তমান পরিবহন প্রশাসক তাপস বালার ড্রাইভিং লাইসেন্স নেই, এমনকি গাড়ি চালানোর অভিজ্ঞতাও নেই। নিজের ইচ্ছামতো তিনি বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করেন। এগুলো দেখার কেউ নেই।
এ সব বিষয়ে জানার জন্য পরিবহন প্রশাসক তাপস বালাকে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, দুর্ঘটনার কথা জেনেছি। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অন্যায় এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক প্রয়োজনে গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু চালাতে পারেন না। সে জন্য গাড়িচালক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
