যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ইতিমধ্যে বাগদান হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আজ। অপূর্বর তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ফেইসবুকে পোস্ট দেন তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গেছে! ফেইসবুক পোস্টে নাজিয়া লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো। মাশাআল্লাহ। নবদম্পতির জন্য শুভকামনা।’ নেটিজেনদের কেউ বলছেন, নাজিয়া তার এই স্ট্যাটাসের মাধ্যমে অপূর্বকে খোঁচা দিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে গোপন প্রেমের কারণে সংসার ভেঙেছে অপূর্বর! আবার কেউ বলছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে সাবেক স্বামী অপূর্বকে শুভকামনা জানিয়েছেন নাজিয়া। এ বিষয়ে অপূর্ব গণমাধ্যমকে বলেন, ‘একাধিক পোর্টালের খবরে দেখলাম আমার নাকি গায়েহলুদ হয়েছে! সব মিথ্যা খবর। আমি বিয়ে করছি। আজ রাত ৮টায় বিয়ের আনুষ্ঠানিকতা হবে। বিয়ের আগে আমাদের দুই পরিবারের আনুষ্ঠানিকতা ছিল। হয়তো সেসবকেই রঙ মাখিয়ে খবর প্রকাশ করা হয়েছে। মেয়ের পরিবার ২৯ আগস্ট আমাকে দেখতে এসেছিল। দুই পরিবারের পরিচয়পর্বের একটা ব্যাপার ছিল। লুকিয়ে অনেক কিছুই করা যায়, বিয়ে না। বিগত দিনে যারা বিয়ে গোপন রাখার চেষ্টা করেছেন, তারা কি রাখতে পেরেছেন? আমার মতো পাবলিক ফিগার লুকিয়ে বিয়ে করে গোপন রাখতে পারব? সুতরাং ওই চিন্তা মাথাতেই নেই।’ গেল বছর মে মাসে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে নয় বছরের সংসার জীবনের ইতি টানেন অপূর্ব। এই সংসারে রয়েছে একমাত্র সন্তান আয়াশ। এর আগে অপূর্ব বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভাকে। সে সংসারও বেশিদিন স্থায়ী হয়নি।
×
