দেশে চলতি বছরের আগস্ট মাসে ১৩১ জন কন্যাশিশু এবং ১৪৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার মহিলা পরিষদ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এই বছরের আগস্টে ২৭৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন ১০৩ জন, যার মধ্যে ৫২ জন কন্যাশিশু ধর্ষণের, ৭ জন দলবদ্ধ ধর্ষণ এবং ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ১৫ কন্যাশিশুসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১ জন কন্যাশিশুসহ ২ জন শ্লীলতাহানির শিকার হয়েছে, ৬ জন কন্যাশিশুসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। পাশপাশি এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন। অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের। একজন কন্যাশিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন। ১০ কন্যাশিশুসহ ১২ জন অপহরণের শিকার ও একজন কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে।
