সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনলাইন পোর্টালগুলো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কয়েকটি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়ার পর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পোর্টালগুলোর বিরুদ্ধে ম্যাসিভ অ্যাকশনে যাওয়া হবে।’
গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ক্র্যাব নিউজ বিডির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।
হাছান মাহমুদ বলেন, ‘সারা বিশ্বেই আইপি টিভি রয়েছে। দেশে আইপি টিভি কোনো সংবাদ প্রকাশ করতে পারবে না, টিভির মতো প্রেস কার্ড ব্যবহার করতে পারবে না। কয়েকটির নিবন্ধন দিয়ে বাকিগুলো বন্ধ করে দেওয়া হবে। কারণ, এসব টিভি সাধারণ মানুষকে হয়রানি করে। নিবন্ধন পাওয়াদের মধ্যে যেগুলো হয়রানি করবে, সেগুলো সরাসরি বন্ধ করে দেওয়া হবে।’
সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে তিনি বলেন, ‘কয়েক হাজার কার্ড কারা ব্যবহার করেন, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চেয়েছে। এরা কারা তাদের তালিকা চেয়েছে। আমরা তালিকা দিয়েছি। সেখানে প্রায় চার হাজার কার্ড দেওয়া হয়েছে। তালিকা দিতে গিয়ে দেখা গেছে, একেকটি পত্রিকা হাউস ২৫-৩০টি কার্ড নিয়েছে। কিন্তু এত কার্ডধারী ব্যক্তিরা কি সচিবালয় বিট কভার করেন? বড়জোর তিন থেকে চারজন কভার করেন। অতিরিক্ত এসব কার্ড বাতিল করা হবে। নির্বাচন কমিশনে সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, যে সমস্যার সৃষ্টি হয়েছে, সাংবাদিকদের একটি প্রতিনিধিদল গেলেই আশা করছি সেটি সমাধান হয়ে যাবে। সমাধান না হলে তথ্য মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে। কারণ সেখানে একজন জ্ঞানশূন্য পুলিশ কর্মকর্তার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সব নাগরিক সুফল পাচ্ছেন এবং পাবেন। তবে সাংবাদিকরা কোনোভাবেই যেন হয়রানির শিকার না হন, তা দেখা হচ্ছে। এরই মধ্যে আগের চেয়ে সাংবাদিকদের হয়রানি কমে এসেছে। কোনো সাংবাদিকের ওপর এ আইনের যেন অপপ্রয়োগ করা না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি। বিএনপিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে বলব, তারা যেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অগ্নিসন্ত্রাস থেকে বেরিয়ে আসে। তাহলে কেবল বিএনপির রাজনীতি জনগণের কাজে আসবে।
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, অনলাইন পোর্টালে যে যার মতো নিউজ লিখছে। অনেকেই নীতিমালা মানছে না। অফিসিয়াল সিক্রেসি আইন ভারতে বলবৎ রয়েছে। দেশে এই আইন চালু থাকলে সমস্যা নেই। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। ফেইসবুকে স্ট্যাটাস দিলে পত্রিকার পাতা ভরে যায়। ফেইসবুকের কারণে নারী ও শিশুরা সহিংসতার শিকার হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে নারী ও শিশুরা উপকার পাচ্ছে। ক্র্যাব নিউজ পোর্টালের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানিয়ে তিনি তথ্য অধিকার আইন অনুসরণ করে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে ক্র্যাব নিউজ পোর্টালের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ইন্টারনেটের কারণে গ্রামেগঞ্জে নিউজ পোর্টালের সংখ্যা বাড়ছে। নীতিমালা না মেনে সাংবাদিকতা করায় অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেসি আইন স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী ক্র্যাব নিউজ পোর্টাল উদ্বোধনের জন্য ডিআরইউর পক্ষ থেকে তিনি অভিনন্দন জানিয়ে বলেন, ক্র্যাব-ডিআরইউ এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনে সাংবাদিকরা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহ করার জন্য তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ডিআরইউর সাবেক সভাপতি ও ক্র্যাবের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বাদশা বলেন, নিউজ পোর্টাল উদ্বোধন আনন্দের সংবাদ। অনলাইন সাংবাদিকতা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন এই সাংবাদিকতার জন্য প্রতিবন্ধকতা। মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য তথ্য মন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, ক্র্যাব দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। অ্যাক্রেডিটেশন কার্ডের গুরুত্ব কমে যাচ্ছে। নীতিমালা মেনে ক্র্যাব নিউজ পোর্টাল চালানোর আহ্বান জানিয়ে তিনি সরকারের কাছে ক্রাইম রিপোর্টারদের ঝুঁকিভাতার আওতায় আনার দাবি জনান। সচিবালয় রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি মোতাহার হোসেন বলেন, যত্রতত্র অনলাইন পোর্টাল খুলে সংবাদ প্রকাশ করায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ডিআরইউর সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বলেন, ক্র্যাবের এই নিউজ পোর্টাল অনেক জনপ্রিয় হবে। এতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম তার বক্তব্যে ক্র্যাব নিউজ পোর্টালে মর্যাদাশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক মানের করতে যেসব সংবাদ পরিবেশন করা দরকার সেসব সংবাদের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শাহীন আব্দুল বারী।
