দীর্ঘদিন পর আড়মোড়া দিয়ে জেগে উঠছে দেশের হকি অঙ্গন। ফেডারেশনের অভ্যন্তরীণ অস্থিরতা ও করোনা মহামারীর কারণে হিমাগারে ছিল হকি। ২০১৮ সালের পর হয়নি প্রিমিয়ার ডিভিশন লিগ। যে কারণে হয়নি দলবদল। হকি খেলোয়াড়দের আর্থিক অবস্থা পৌঁছেছে চরমে। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান হাতে পেয়ে দলবদল ও লিগ আয়োজনের পথে হাঁটছে হকি ফেডারেশন। গতকাল গভর্নিং বডির সভায় বছরের বাকি সময়টার একটা পঞ্জিকাও চূড়ান্ত হয়েছে। ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর হবে দলবদল। ১২ দলের লিগকে সামনে রেখেই ক্লাবগুলো এখন তৎপর ঘর গোছানোয়। উৎসাহটা আরও বাড়িয়ে দিচ্ছে প্রধানমন্ত্রীর ১ কোটি টাকার অনুদান ক্লাবগুলোর মধ্যে বণ্টনের সিদ্ধান্তে। গত লিগের ক্রম অনুসারে শীর্ষ তিন ক্লাব পাচ্ছে ১২ লাখ টাকা করে। পরের দুই ক্লাব পাবে ৮ লাখ টাকা করে। বাকি সাত ক্লাব পাবে ৬ লাখ টাকা করে। লিগ শুরুর একটা সম্ভাব্য সময়ও পাওয়া গেছে। ১২ অক্টোবর প্রথমসারির দলগুলো নিয়ে হবে ক্লাব কাপ টুর্নামেন্ট। ফাইনালের পর তিন দিনের বিরতি দিয়ে মাঠে গড়াবে লিগ।
২০১৮ সালে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল লিগের খেলা। মোহামেডান ও মেরিনার্সের শিরোপা নির্ধারণী ম্যাচটা শেষ হয়নি গ-গোলে। ওই ম্যাচের প্রায় চার মাস পর আলোচিত এক সভায় একতরফা সিদ্ধান্ত নেয় ফেডারেশন। ম্যাচে মেরিনার্স ১-০ গোলে এগিয়ে থাকার পর একটি গোলের সিদ্ধান্ত নিয়ে মোহামেডান খেলতে অস্বীকৃতি জানায়। বিদেশি রেফারিরা ২২ মিনিট অপেক্ষার পর ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে মাঠ ত্যাগ করেন। সে হিসেবে মেরিনার্সকেই বিজয়ী ঘোষণার কথা ছিল। কিন্তু ফেডারেশন ওই ম্যাচ ড্র ঘোষণা করে। তাতে মোহামেডান চ্যাম্পিয়ন, আবাহনী রানার্সআপ ও মেরিনার্স তৃতীয় হয়। বিষয়টি সুরাহায় মেরিনার্স অবশ্য আদালত পর্যন্ত গিয়েছে। সেই মামলার রায়ের অপেক্ষায় আগের লিগের চ্যাম্পিয়ন দলটি। তবে আদালতের সিদ্ধান্তের জন্য বসে নেই মেরিনার্স। আবাহনী-মোহামেডানের মতো তারাও ঘর গোছাতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর অনুদান স্বাভাবিকভাবেই ক্লাবগুলোকে অনুপ্রাণিত করছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা ক্লাবগুলোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান ভাগ করে দিয়েছি। ক্লাবগুলোকে দেওয়ার পর যা থাকবে, তার মধ্য থেকে ৩ লাখ টাকা লিগ চ্যাম্পিয়ন, ২ লাখ টাকা রানার্সআপ ও ১ লাখ টাকা তৃতীয় দল পাবে।’ ইউসুফ আরও জানান, ‘ফ্র্যাঞ্চাইজি হকি লিগের ব্যাপারেও আজ কথা হয়েছে। আমরা এটিএন বাংলার সঙ্গে একটা সমঝোতা চুক্তি করব। তবে কবে সেটা হবে তা ঠিক হয়নি। এ ছাড়া ডিসেম্বরে আমরা জাতীয় যুব হকি আয়োজন করব।’
