করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে সেবা ও সহায়তা দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকনকে আহ্বায়ক করে ১৭ সদস্য করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া একটি আইন সহায়তা কমিটিও গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু এ কমিটি অনুমোদন করেছেন। নেতাকর্মীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রতিটি থানায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে একটি করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
