বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে লাভ হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করছে। তাদের দলের নেতারা সারাক্ষণ আমাদের দল, দলের প্রতিষ্ঠাতা ও নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে, স্বাধীনতাকে কলঙ্কিত করেছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। গোয়েবলসীয় কায়দায় সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশের স্বাধীনতার ইতিহাস, এই ৪৩ বছরের ইতিহাস হচ্ছে এই দেশের গণতন্ত্রের ইতিহাস। বিএনপির ইতিহাস হচ্ছে এই দেশকে, এই জাতিকে একটা অস্তিত্ব প্রদানের ইতিহাস। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই ঘোষণার মধ্য দিয়ে তিনি আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে ১৯৭৫ সালে যখন সিপাহী-জনতার বিপ্লবের পর ৭ নভেম্বর দেশ পরিচালনার দায়িত্ব দেন, তখন তিনি আমাদেরকে আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের বন্ধুরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেন। জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করেন, বেগম খালেদা জিয়াকে খাটো করার চেষ্টা করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করার চেষ্টা করেন। কিন্তু তারা যদি একবার নিজেকে প্রশ্ন করে তাদের অবদান কী? তাদের অবদান হচ্ছে ভারতে গিয়ে পালিয়ে থেকে নেতা সাজা। পরে দেশে ফিরে এসে এটা বলা যে, এই দেশটা তারাই স্বাধীন করেছেন। তাদের অবদান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা।’
তিনি বলেন, ‘আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জিয়াউর রহমানের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন দেশনেত্রীকে মুক্ত করতে, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে দুর্বার গণআন্দোলন গড়ে তুলি, গণঅভ্যুত্থান গড়ে তুলি। এ স্বৈরাচারী সরকারকে পরাজিত করি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।
