রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন আর করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

এর আগের দিন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান সাতজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং নওগাঁয় একজন রয়েছেন। মৃতদের তিনজন পুরুষ ও দুজন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। শুক্রবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪০ জন। করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৮৬টি।

বৃহস্পতিবার রাজশাহীর দু’টি ল্যাবে ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত