যশোরের শার্শায় প্রেমঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাভরন কাজিরবেড় গ্রামে।
মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ শুক্রবার ভোরে হঠাৎ পাশের বাড়ির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে থাকে। একপর্যায়ে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে আগুনে পোড়া এক যুবকের লাশ পড়ে থাকেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।
সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সঙ্গে নিহত লোকটি প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানান।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীসহ ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
