নতুন আফগান সরকারের নেতৃত্বে থাকবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদার। শিগগিরই এই সরকার ঘোষণা করা হবে। তালেবানের তিনটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
তিনটি সূত্র জানায়, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা বারাদার। সরকারে তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ পর্যায়ের এক তালেবান কর্মকর্তা বলেন, দলের গুরুত্বপূর্ণ নেতারা সবাই কাবুলে পৌঁছেছেন। এখানে নতুন সরকার ঘোষণার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপর এক সূত্র জানায়, তালেবানের সর্বোচ্চ নেতা হাবিবাতুল্লাহ আখুনজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনায় বিষয় দেখভাল করবেন। এর আগে এএফপি জানায়,
আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা শুক্রবার দিতে পারে তালেবান। দুটি সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর নতুন প্রশাসনের ঘোষণা দেওয়া হতে পারে। কিন্তু গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত
আফগানিস্তানে তালেবানরা নতুন সরকার গঠনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের ধাঁচে সরকার গঠন করতে চায় তালেবান। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন দলের প্রধান হাবিবাতুল্লাহ আখুনজাদা।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারে দলের এক শীর্ষ বৈঠক আয়োজনের কথা জানিয়েছেন। তিনি বলেন, তালেবান প্রধান হাবিবাতুল্লাহ আখুনজাদার সভাপতিত্বে কান্দাহার প্রদেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং সামাজিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পানশিরে লড়াই চলছে : আফগানিস্তানের পানশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের তীব্র সংঘর্ষ চলছে। প্রদেশটির বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান। পানশিরে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) অনেক সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। গত বুধবারই পানশির ঘিরে ফেলার দাবি করে তালেবান। এর পর থেকেই সেখানে সংঘাত চলছে। তবে পানশিরে তালেবানের সাফল্যের দাবির বিপরীত কথা বলছে এনআরএফ। প্রদেশটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে তারা। দুই পক্ষের লড়াইয়ে তালেবানের শতাধিক সদস্যের নিহত হওয়ার দাবিও করেছে এনআরএফ।
আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পানশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে পানশির। পানশিরে হামলার আগে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। সমঝোতার চেষ্টা বিফল হওয়ার পরই পানশিরে তালেবানরা প্রবেশ করেছে বলেও জানান তিনি।
তালেবান ও এনআরএফের নিজ নিজ স্বার্থের পক্ষে শক্ত অবস্থানের কারণে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয় বলে বিবিসি পারসিয়ানকে জানিয়েছেন এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি। লড়াইয়ে তালেবানের ৩৫০ সদস্য নিহত এবং অনেকে আটক হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
কঠিন শর্তে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখবে ইইউ : আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিলেও কঠিন শর্তে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন-ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, দেশটির সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তালেবান সরকারের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হবে।
এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আফগান জনগণের পাশে দাঁড়াতে নতুন সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ থাকতে হবে। এটা কাজ চালানোর জন্য, এর মানে এই নয় যে নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছি আমরা।’
