আফগানিস্তানে সহযোগিতা বাড়াচ্ছে চীন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৮ এএম

আফগানিস্তানে নিজেদের দূতাবাস খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক সহায়তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে তারা। গতকাল শুক্রবার তালেবান মুখপাত্র সুহেল শাহীন টুইটারে এসব তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, তালেবানের জ্যেষ্ঠ নেতা ও রাজনৈতিক দপ্তরের উপ-পরিচালক আবদুল সালাম হানাফি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। চীনা উপমন্ত্রী বলেছেন, তারা কাবুল দূতাবাস চালু রাখবেন। অতীতের তুলনায় চীন-আফগানিস্তান সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জিয়াংহাওয়ের মতে, এ অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে আফগানিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফোনালাপের বিষয়ে চীনও পৃথক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি ‘নিশ্চিত’ করছে এবং আফগানদের দেশ পুনর্গঠনের জন্য শুভকামনা জানাচ্ছে। চীনের সঙ্গে সহযোগিতার অংশ হিসেবে তালেবানও পেইচিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশ নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত