দেশে মাছ থেকে কী কী তৈরি করা যায় এ নিয়ে গবেষণা করা দরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করার জন্য মৎস্য সম্পদের বহুমুখী ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। শুধু ভাতের সঙ্গে মাছ খাওয়া নয়, মাছ থেকে চিপস, ফিশবল বা অন্যান্য খাবার তৈরি করা যেতে পারে।’
গতকাল শুক্রবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘মাছের বহুবিধ ব্যবহারে মানুষকে আকৃষ্ট করতে হবে। পৃথিবীর অনেক দেশে মৎস্য ও মৎস্য জাতীয় জলজ সম্পদ থেকে বিভিন্ন বেকারি পণ্য তৈরি হচ্ছে। অনেকে স্বাভাবিকভাবে মাছ খান না, কিন্তু রেস্তোরাঁয় মাছ দিয়ে তৈরি খাবার খেতে চান। পুষ্টি চাহিদা পূরণে এক প্রক্রিয়ায় মাছ না খেলে মানুষকে অন্য প্রক্রিয়ায় খাওয়াতে হবে। আমরা চাই মাছের বহুমুখী পণ্যের বিকাশ হোক।’
