টাঙ্গাইলের বাসাইল ভিমরুলের কামড়ে নাজমুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তার নিজ বাড়িতে ঘটানাটি ঘটে।
নাজমুল বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল শুক্রবার রাতে নিজ বাড়ির ঘাটে নৌকা বাঁধতে যান। ঘাটে নৌকা বাঁধার একপর্যায়ে ওই নৌকার লগি মাথার উপর থাকা একটি গাছের ভিমরুলের চাকে (বাসা) লাগে।
এ সময় ভিমরুল ঝাঁক ধরে উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। ভিমরুলের কামড়ে শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হলে স্বজনরা রাতেই বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ আব্দুল্লাহ আল আরিফ বলেন, ভিমরুলের কামড়ের ঘটনায় নাজমুলকে হাসপাতালে আনতে স্বজনরা বিলম্ব করেছেন। ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় তিনি মারা গেছেন বলেও তিনি জানান।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ বলেন, নাজমুলের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
