টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনারকে না পাওয়া দলের জন্য হতাশার বলে মন্তব্য করেছেন জাতীয় দল নির্বাচক কমিটির অন্যতম সদস্য হাবিবুল বাশার সুমন।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘একটু তো হতাশারই। তামিমকে পেলে আমাদের জন্য খুব ভালো হতো।’
শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাবিবুল। এ সময় তিনি আরো বলেন, ‘তামিমের অভিজ্ঞতা আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারতাম এই বিশ্বকাপে। সেটা আমাদের জন্য ভীষণ দরকার ছিল।’
তামিম ইনজুরির কারণে আপাতত ক্রিকেটের বাইরে। অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নেই তিনি। তবে বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন। এরপরও তামিম নিজেকে সরিয়ে নিয়েছেন তরুণদের সুযোগ করে দিতে।
গত বছর ফেব্রুয়ারির পর থেকে আর টি-টোয়েন্টি খেলেননি তামিম। এখন সরাসরি বিশ্বকাপে খেললে সেটা তরুণদের প্রতি ‘অবিচার’ হতো বলে মনে করছেন তিনি। তাই ক’দিন আগে ফেইসবুক বার্তায় তামিম নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার কথা জানান।
হাবিবুল তামিমের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলছেন, ‘ও তো নিজের ব্যাখ্যা দিয়েছে, নিজের অবস্থান পরিষ্কার করেছে। তো আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাতে চাই।’
বাংলাদেশের বিশ্বকাপ দল এখনো ঘোষণা না হলেও কারা খেলতে যাচ্ছেন সেটা নির্বাচকেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আগেই। তাদের দেওয়া বিশ্বকাপ দলে তামিম ছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এখন অবশ্য তামিমকে ছাড়া চিন্তা করতে হচ্ছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে। হাবিবুল বললেন, ‘এখন আমরা চিন্তা করছি, যে কম্বিনেশনটা বিশ্বকাপে যাবে তাদের নিয়ে। তাদের ওপরই আমরা ভরসা করতে চাই। আমরা আশাবাদী তারা বিশ্বকাপে ভালো করবে।’
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
