মির্জা ফখরুল যুবদল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী আর কিছু টোকাই নিয়ে যে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন তা হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি) গত সাড়ে ১২ বছর ধরে বলে আসছেন আন্দোলনের কথা। আসল কথা হচ্ছে, মির্জা ফখরুল সাহেবদের কথায় এখন কর্মীরাও সাড়া দেয় না। তার মুখে গণআন্দোলনের ডাক শোভা পায় না।’
গতকাল শনিবার রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ সেমিনার ও প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
‘আওয়ামী লীগ ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠা করেছে’ বিএনপির এ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র বিদ্যমান। জাতীয় সংসদে বিএনপিসহ বহু দলের প্রতিনিধিত্ব রয়েছে। মির্জা ফখরুল নিজেই সকাল-বিকাল সরকারের বিরুদ্ধে যথেচ্ছ সমালোচনা করছেন। এ থেকে প্রমাণ হয় দেশে গণতন্ত্র রয়েছে, বাকস্বাধীনতাও রয়েছে।’
এর আগে অনুষ্ঠানে বক্তব্যে সংবাদকর্মী, সংবাদপত্র এবং পাঠকসমাজের অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা করে তিনি আরও বলেন, ‘প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী, নঈম নিজাম প্রমুখ।
এদিকে ‘বাঙালির সব সাহসের উচ্চারণ বঙ্গবন্ধু’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।
পদক প্রদান অনুষ্ঠানে এ বছরের ১০ এপ্রিল প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ারকে প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক (মরণোত্তর), দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে প্রাতিষ্ঠানিক সম্মাননা, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা, গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র সাংবাদিক নিজামুল হক বিপুল, উন্নয়ন সাংবাদিকতায় দি নিউজ টুডে’র সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলাম মিচেল, নারী সাংবাদিকতায় দি ডেইলি অবজারভারের বনানী মল্লিক ও ফটোসাংবাদিকতায় বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকার মো. সাজ্জাদ হোসেনের হাতে পদক তুলে দেন অতিথিরা।
