তিন মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু ও শনাক্ত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০২:২০ এএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু ও নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৫০ জন। এর আগে সর্বশেষ ১৬ জুন এরচেয়ে কম ৬০ জনের মৃত্যু হয়। যা প্রায় তিন মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। তাছাড়া গত ৮ দিন (২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত) ধরে মৃত্যুর সংখ্যা ১০০’র নিচে রয়েছে। এর আগে ২৭ আগস্ট মারা যায় ১১৭ জন। এ নিয়ে করোনায় মোট মারা গেল ২৬ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পাশাপাশি শনাক্ত রোগীর সংখ্যাও কমে এসেছে। ১৭ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৪৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১২ জুনের পর এক দিনে ১ হাজার ৬৩৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। এ নিয়ে মোট রোগীর  সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ৯ দশমিক ৮২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৭৬ শতাংশ ছিল। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

ঢাকা বিভাগে শনাক্ত ও মৃত্যু বেশি : গত ২৪ ঘণ্টায় ঢাকা (মহানগরসহ) বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন শনাক্ত রোগী ৮৭৮ জন। এদিন ঢাকার বিভিন্ন জেলায় ৩২ জনের মৃত্যু হয়।

রংপুর বিভাগে শনাক্ত কম ও ময়মনসিংহে মৃত্যু কম : গত ২৪ ঘণ্টায় করোনায় রংপুর বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে ২৬ জন নতুন রোগী শনাক্ত হলেও মৃত্যু হয়েছে ২ জনের। পাশাপাশি একই সময়ে ময়মনসিংহ বিভাগে চার জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় ১ জনের মৃত্যু হয়। এ বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৪, খুলনা বিভাগে ৬ এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হলেও এসব বিভাগে শনাক্তের হার আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। মৃত ৬১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ এবং বেসরকারি হাসপাতালে ৮ জন মারা যায়।

দেশের ৩৮ জেলা মৃত্যুশূন্য : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৮ জেলায় করোনায় কোনো মৃত্যু হয়নি। জেলাগুলো হলোÑ গাজীপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, নড়াইল, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। মৃত ৬১ জনের মধ্যে ঢাকা মহানগরে ২০ জন। অন্যান্য জেলায়  সর্বোচ্চ ৫ জন, সর্বনি¤œ ১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬১ জনের মধ্যে পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩০ আর নারী ৩১ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছে ১৭ হাজার ১৪৮ জন; যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৭৩ শতাংশ। আর নারী মারা গেছে ৯ হাজার ৩৪৫ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ২৭ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৫ ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত