গুচ্ছ উইকেট পতনে ম্যাচ হার : ডমিঙ্গো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭ এএম

দেশের মাটিতে টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোর করে হার। হারের কারণ বেশ কয়েকটি। পেশাদারিত্ব সামনে রেখে সব কারণ মেনে নিয়েই হার মেনে নিলেন কোচ রাসেল ডমিঙ্গো। হারের সবচেয়ে বড় কারণ গুচ্ছ হারে উইকেট হারানো। আজাজ প্যাটেলের দুটি ওভারেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এছাড়া পিচ থেকে দ্বিতীয় ম্যাচের মতো আচরণ আশা করেছিল বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু বল স্কিড না করে স্পিনটা ধরেছে এদিন। এছাড়া শুরুতে রান রেটে পিছিয়ে পড়ে তা আর ধরতে পারেনি বাংলাদেশ।

সব কারণই টুকে রেখেছেন ডমিঙ্গো। তার কথায় সব ম্যাচেই তো আর জয় আসবে না। এটা সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ক্রিকেট। প্রতিপক্ষও তাদের সেরাটা খেলবে, ‘অবশ্যই আমরা সব বিভাগে আজ নিউজিল্যান্ডের কাছে হেরেছি। তারা দারুণ স্মার্ট ক্রিকেট খেলেছে। হারে আমি হতাশ, কিন্তু মেনে নিচ্ছি, এটাই ক্রিকেট।’ ম্যাচে বাংলাদেশ বেশ ভালোভাবেই ছিল বলে মনে করেন ডমিঙ্গো। বোলাররা দারুণ পারফরম দিয়ে কিউইদের ১৩০-এর মধ্যেই আটকে দিয়েছে। কিন্তু গুচ্ছ আকারে উইকেট হারানোই পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। ডমিঙ্গো বলেন, ‘আমরা একটু বেশি উইকেট হারিয়ে ফেলেছি। অসাধারণ শুরু পেয়েছিলাম কিন্তু ৪-৫ ওভারের মধ্যে ৪-৫ উইকেট হারিয়েছি। এটাই আমাদের বড় বেশি ভুগিয়েছে। এমনিতে আমরা কিন্তু ২ ওভারে ২০ করে ফেলেছিলাম। পরের ১৮ ওভারে ১১০ লাগে। এটা কিন্তু খুবই সম্ভব। কিন্তু টানা উইকেট হারানোই কঠিন করে দিয়েছে সব।’

এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক জানালেন এক জয়ে তারা ক্ষান্ত হননি। গতকাল নিখুঁত একটি ম্যাচের পরও তাদের ভান্ডারে আরও অস্ত্র আছে। ম্যাচ শেষে ল্যাথাম বলেন, ‘আমাদের আজ (গতকাল) গুরুত্বপূর্ণ ছিল ব্লান্ডেল ও নিকোলসের জুটিটা। অসাধারণ খেলেছে ওরা। ওটাই ম্যাচের টোন সেট করে দেয়। আর আজাজ বোলিংয়ে বাকি কাজটা সেরেছে। দারুণ জয়। তবুও আমি বলব আমাদের পরিপূর্ণ পারফরম হয়নি। আমার বিশ্বাস আমরা আরও উন্নতি করতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত