‘রোনালদোর সঙ্গে তুলনা অর্থহীন’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮ এএম

গত মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোমেলু লুকাকু দুজনই ছিলেন ইতালিয়ান লিগে। জুভেন্তাসের হয়ে ২৯ গোল করে রোনালদো হয়েছিলেন লিগ সর্বোচ্চ গোলদাতা। ২৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ইন্তার মিলানে খেলা লুকাকু। এখন তারা দুজনই প্রিমিয়ার লিগের খেলোয়াড়। কয়েক দিন আগেই রোনালদো গড়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। লুকাকু আবার বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা। তবে রোনালদোর সঙ্গে তুলনায় যেতে চান না রোমেলু লুকাকু। বেলজিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, সিআর সেভেনের সঙ্গে তুল্য হওয়ার জন্য আরও অনেক দূর যেতে হবে তাকে। রোনালদোর সঙ্গে তুলনাকে ‘অর্থহীন’ বলে উল্লেখ করেছেন ২৮ বছরের বেলজিয়ান ফরোয়ার্ড।

হঠাৎ করে পর্তুগাল অধিনায়ক রোনালদোর সঙ্গে লুকাকুর তুলনা হওয়ার কারণ আন্তর্জাতিক গোলের হিসাব। বেলজিয়ামের হয়ে ৬৮ গোল করে ফেলেছেন লুকাকু (গত রাতের ম্যাচ বাদে)। রোনালদোর পর্তুগালের হয়ে গোল সংখ্যা ১১১। তবে লুকাকুর বয়স ২৮ দেখেই, অনেকে রোনালদোর রেকর্ড ভাঙার সম্ভাবনা দেখছেন লুকাকুর মাঝে। লুকাকু জানিয়েছেন, রোনালদোর সঙ্গে তাকে নিয়ে তুলনা অহেতুক আলোচনা। ‘কখনো আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনায় আনবেন না। কখনো না। ক্রিশ্চিয়ানো রোনালদো আমার জন্য বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা তিনজনের একজন। আমি তাকে প্রথম থেকে তিনের মধ্যে র‌্যাঙ্কিং করতে চাই না। তবে সে আছে তালিকায়।’

রোনালদোর অর্জনের প্রশংসা করেন লুকাকু। ইতালিতে রোনালদোর বিরুদ্ধে খেলার স্মৃতি স্মরণ করেন লুকাকু। বলেন, ‘ফুটবলে সে যা অর্জন করেছে তা আমার প্রজন্মের জন্য ব্যতিক্রম। আমি যথেষ্ট ভাগ্যবান যে, ইতালিতে আমি তার বিরুদ্ধে খেলেছি। এখন সে প্রিমিয়ার লিগে ফিরেছে। এটা ইংলিশ ফুটবলের জন্য ভালো। শেষ পর্যন্ত, পরিসংখ্যান ও অন্যান্য বিষয় নিয়ে তুলনা একেবারে বেহুদা বিষয়।’

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় গতকাল রাতে বেলজিয়ামের ম্যাচ ছিল চেক প্রজাতন্ত্রের সঙ্গে। লুকাকুর জন্য সেটি আবার শততম ম্যাচ। চেকদের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে কথাগুলো বলেন লুকাকু। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত