‘বাংলাদেশ ব্যাংক বিল’ নিলামের মাধ্যমে এক দিনে সাড়ে ৭ হাজার কোটি টাকার অলস তারল্য বাজার থেকে তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল রবিবার ৭ দিন মেয়াদি ‘বাংলাদেশ ব্যাংক বিল’ নিলামের মাধ্যমে ৩ হাজার ৬২০ কোটি টাকা তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। একই দিন ১৪ দিন মেয়াদি বিল নিলামের মাধ্যমে তুলে নেওয়া হয় ৩ হাজার ৯৫০ কোটি টাকা। এর মধ্যে দিয়ে এক দিনে ৭ হাজার ৫৭০ কোটি টাকা তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। বিল নিলামের এই উদ্যোগ গ্রহণের পর থেকে এটাই সর্বোচ্চ অঙ্ক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এদিন ৭ দিন মেয়াদি বিলের সর্বোচ্চ সুদহার ছিল ১ দশমিক শূন্য ১ শতাংশ এবং ১৪ দিন মেয়াদি বিলের সর্বোচ্চ সুদহার ছিল ১ দশমিক ৩০ শতাংশ।
প্রাপ্ত তথ্যে আরও দেখা যায়, নিলামে ৩ হাজার ৬৮০ কোটি টাকার ৭ দিন মেয়াদি বিল কিনতে আবেদন করেছিল ব্যাংকগুলো। অন্যদিকে ৪ হাজার ৩১০ কোটি টাকার ১৪ দিন মেয়াদি বিল কিনতে আবেদন করে ব্যাংকগুলো।
করোনা মহামারীর মধ্যে ঋণ বিতরণে গতি না থাকায় ব্যাংকগুলোর কাছে অলস তারল্য জমতে থাকায় গত আগস্ট থেকে স্বল্প মেয়াদি বিল নিলাম শুরু করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ১৯ হাজার ৯৪১ কোটি টাকার বিল নিলামে বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। চলতি সেপ্টেম্বরে প্রথম নিলাম অনুষ্ঠিত হয় গতকাল রবিবার। সেই দিক দিয়ে নিলাম শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ২২১ কোটি টাকার বিল বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
