রণবীর-ক্যাটকে চায় ওটিটি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ এএম

২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পর মুখ থুবড়ে পড়েছিল বলিউডের মেধাবী নির্মাতা অনুরাগ বসুর বিগ বাজেটের সিনেমা ‘জগ্গা জাসুস’। এই মুভির শ্যুটিংয়ের সময়ই বাস্তব জীবনের প্রেমিক জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে যায়। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। বক্স অফিসে ব্যর্থ হলেও অনেক সমালোচকই এ মিউজিক্যাল মুভিটির তারিফ করেছিলেন। এবার সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। এজন্য ‘জগ্গা জাসুস’ নিয়ে ওয়েব সিরিজের কথাও ভাবছেন পরিচালক! এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘বড় দুই প্ল্যাটফর্ম থেকে এটিকে (জগ্গা জাসুস) সিরিজ হিসেবে বানানোর প্রস্তাব পেয়েছি। বুঝতে পারছি না, হলে ব্যর্থ হওয়ার পর ওটিটিতে কি মানুষ এটা দেখবে? যদিও প্রীতম (সিনেমার সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী) এ প্রস্তাবে ভীষণ উত্তেজিত, ও এখনই কাজ শুরু করতে চায়। আমি আছি অদ্ভুত এক দ্বিধার মধ্যে। কারণ আপনি অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে একটা জিনিস বানালেন কিন্তু সেটা ব্যর্থ হলো, আবার সেটা নিয়ে কেন চেষ্টা করবেন? তবে ফের “জগ্গা জাসুস” করার প্রস্তাব পেয়ে রোমাঞ্চিত বোধ করছি বইকি।’ জগ্গা জাসুসের পর রণবীর-ক্যাট জুটিকে আর দেখা যায়নি। সিরিজের জন্য সাবেক এ প্রেমিক জুটি রাজি হবেন কি না সেটাও প্রশ্ন। অনুরাগের সঙ্গে রণবীর মুভির অন্যতম প্রযোজকও বটে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সিরিজ করার প্রস্তাব রণবীর কীভাবে নেবে জানি না। ও যদি রাজিও হয় তারপরও করা মুশকিল। কারণ রণবীর এখন খুবই ব্যস্ত, একের পর এক সিনেমার শ্যুটিং করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত